গাজীপুর-আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০২:২৯ পিএম

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর ও আশুলিয়ার শিল্পাঞ্চল। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে দুই এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে পুলিশ। মোতায়েন করা হয়েছে ১০ প্লাটুন বিজিবি।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ, হরিণহাটি ও মৌচাক এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এ সময় যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে। পুলিশ তাঁদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দুপুর ১২টা পর্যন্ত পল্লীবিদ্যুৎ এলাকায় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। মহাসড়কের এক পাশে যান চলাচল করলেও অন্য পাশে বাধার মুখে পড়ে।

শিল্পাঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। গাজীপুরের সব কারখানা বন্ধ রয়েছে বলে জানা গেছে। কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের ছত্রভঙ্গ করা হলেও তাঁরা আবার মহাসড়কে এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন।

এদিকে আশুলিয়ার বাড়ইপাড়া, নিশ্চিন্তপুর ও বাইপাইল এলাকাতেও শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি চলছে। সকালে নবীনগর-চন্দ্রা সড়কের বাড়ইপাড়ায় শ্রমিকদের অবস্থান সরিয়ে দেয় পুলিশ। পরে নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি শুরু করে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের অনন্ত গার্মেন্টসের সামনে জড়ো হন। এ সময় নিট এশিয়া, আল-মুসলিম, টাউজার লাইন ও অনন্ত গার্মেন্টসসহ কয়েকটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে।

পরে সড়কে অবস্থান নেওয়া শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। শ্রমিকদের অভিযোগ, রোববার নিউ এইজ কারখানার দুই শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। তবে আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম একজনকে আটকের কথা জানিয়েছেন। তিনি বলেন, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু শ্রমিক আটকের নিন্দা জানিয়ে তাঁদের মুক্তি দাবি করেছেন। আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, রোববার ১৭৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। সোমবার কতটি কারখানা চালু রয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত