পৃথক অভিযান চালিয়ে ফরিদপুরের ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও তালিকাভুক্ত অপরাধী সাইফুল ইসলাম ওরফে টাকী রিপনকে (৪৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৪টা ২৬ মিনিটে এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প এবং এসআরবি-৪, ঢাকার একটি যৌথ আভিযানিক দল রাজধানীর পল্লবী থানাধীন একটি আবাসিক ভবনে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফরিদপুর কোতয়ালী থানার একটি ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাইফুল ইসলাম ওরফে রিপন ব্যাপারী ওরফে টাকী রিপনকে গ্রেপ্তার করা হয়। সে ফরিদপুর সদরের ঈশান গোপালপুর এলাকার মৃত আঃ হক বেপারীর ছেলে।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামি রিপনের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টায় ফরিদপুরের ঈশান গোপালপুর এলাকায় অপর একটি অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করতে সক্ষম হয় আভিযানিক দলটি।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় ১টি অস্ত্র মামলা, ২টি দস্যুতা মামলা, ১টি চুরি মামলা, ১টি এসিড অপরাধ দমন আইন মামলা এবং ১টি বিস্ফোরক আইনসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন,
অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে ব্যাটালিয়নের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আগামীতেও জারি থাকবে।