কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকায় নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পুরানথানা ইসলামি মার্কেটের সামনে সামাদ প্লাজার নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাইল গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল (৩৪) এবং হোসেনপুর উপজেলার রামপুর ইউনিয়নের সাব্বির (২৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে সামাদ প্লাজার নির্মাণকাজে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। এ সময় ভবনের ওপরের অংশে লোহার রড নেওয়া হচ্ছিল। একপর্যায়ে রডটি ভবনের বাইরে থাকা একটি খোলা এসির বৈদ্যুতিক সংযোগে স্পর্শ করলে আফাজুল ও সাব্বির বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধারের চেষ্টা করেন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুই শ্রমিককে উদ্ধার করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্মাণকাজে ব্যবহৃত লোহার রড ভবনের বাইরে থাকা এসির বৈদ্যুতিক সংযোগের সংস্পর্শে আসায় দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
খবর পেয়ে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।
স্থানীয় বাসিন্দা মো. পলাশ মিয়া বলেন, নির্মাণকাজ শুরুর আগে ভবনের বৈদ্যুতিক সংযোগসহ আশপাশের ঝুঁকিপূর্ণ স্থানগুলো নিরাপদ করা প্রয়োজন ছিল। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নির্মাণকাজে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।