জামালপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষিতে আধুনিক ও সহনশীল প্রযুক্তির ব্যবহার বাড়াতে নির্বাচিত কৃষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর শহরের পিটিআই আশার আলো মিলনায়তনে এ কর্মশালা হয়।
কর্মশালায় জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিতে তৈরি হওয়া বিভিন্ন চ্যালেঞ্জ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বাড়ানো এবং কৃষকদের দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নির্বাচিত কৃষকদের মাধ্যমে জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির প্লট স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি খাত নানা ধরনের ঝুঁকির মুখে পড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কার্যকর ও টেকসই কৃষিপদ্ধতির প্রসার ঘটানো প্রয়োজন। এ লক্ষ্যেই নির্বাচিত কৃষকদের নিয়ে এ ধরনের কর্মশালার আয়োজন করা হচ্ছে।
কর্মশালায় উপসহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, কামরুল হাসান, মো. শামীম, হাবিল উদ্দিন, রমজান আলী, শেখ মো. সাহানুজ্জামান, শারমিন সুলতানা আশা ও শাহনাজ পারভীনসহ বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
কর্মশালা শেষে নির্বাচিত কৃষক-কৃষাণীদের মধ্যে সার, বীজ ও বিভিন্ন ধরনের কীটনাশক বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, জেসমিন প্রকল্প ২০২৩ সাল থেকে জামালপুরের সদর, মেলান্দহ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় কার্যক্রম পরিচালনা করছে। অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (ANCP)-এর মাধ্যমে বাস্তবায়িত এনএসভিসি প্রকল্পের (২০১৮–২০২৩) বর্ধিত অংশ হিসেবে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
প্রকল্পটির অন্যতম লক্ষ্য জেন্ডার সমতা নিশ্চিত করা, কৃষিতে নারীর অংশগ্রহণ বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি করা। এর আওতায় কৃষকদের আধুনিক ও জলবায়ু সহনশীল প্রযুক্তির সঙ্গে যুক্ত করে টেকসই কৃষিব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪
যুদ্ধের মাঠে শক্তি পরীক্ষা দিয়েই এবার জাতিসংঘে গেলো ইরান