গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাকের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী থেকে জয়দেবপুরগামী একটি অটোরিকশাকে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়।
সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ও আহতদের নাম-পরিচয় সংগ্রহের কাজ চলছে। তারা অটোরিকশার যাত্রী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকচালককে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’