বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পিএম

বরিশালে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের পর অংশগ্রহণকারীরা দ্রুত সরে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা কাশিপুর স্কুল অ্যান্ড কলেজের দিক থেকে মিছিল নিয়ে এসে ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যান।

ব্রাদার্স স্টোরের কর্মী মো. তামিম বলেন, কাশিপুর স্কুল অ্যান্ড কলেজের দিক থেকে অর্ধশতাধিক লোক মিছিল নিয়ে আসেন। তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে মহাসড়কে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত চলে যান।

ঘটনাস্থলের কাছের এক নারী চা-দোকানি জানান, হঠাৎ বিকট শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে ঘটনাস্থল থেকে চলে যেতে দেখেছেন তিনি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আনিসুর রহমান বলেন, বিকট শব্দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে সড়কের মধ্যে বিস্ফোরণের কিছু আলামত পাওয়া গেছে। শব্দের উৎস সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজও পর্যালোচনা করছে পুলিশ।

এমসিএইচ
আরও পড়ুন