প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের মরদেহ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে এক তরুণীর বাড়ি থেকে কাজী সাঈম নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই তরুণী ও তার মাকে আটক করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের পাচলক্ষী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাচলক্ষী গ্রামের ওই তরুণীর সঙ্গে কাজী সাঈমের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। আজ সকালে ওই তরুণীর বাড়িতে সাঈমের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। তথ্য পেয়ে ধামরাই থানা পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ ও ঘটনার নেপথ্যের রহস্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিকভাবে সাঈমের প্রেমিকা এবং তার মাকে আটক করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।