ঘোড়া জবাই ও মাংস প্রক্রিয়াজাত করায় ৯ জনের কারাদণ্ড

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম

মানিকগঞ্জে ঘোড়া জবাই ও মাংস প্রক্রিয়াজাত করার অভিযোগে ৯ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার জাগীর এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব দাশড়া এলাকার মিজানুর রহমান, গাজীপুরের তেলিপাড়া এলাকার রুবেল, জামালপুরের তুলসীপুর এলাকার সোহেল রানা, ঢাকার বাড্ডা এলাকার ইমন হাসান, মাসুদ রানা ও তুহিন, গাজীপুরের দিঘিরচালা এলাকার ইব্রাহিম খলিল, টাঙ্গাইলের ধনবাড়ী এলাকার হুমায়ুন কবির এবং ঢাকার বড় বেরাইদ এলাকার মারুফ।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মানিকগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে জাগীর এলাকার একটি পুরোনো কারখানার গোডাউনে অভিযান চালায় সদর থানা পুলিশ। এ সময় সেখানে ঘোড়া জবাই ও মাংস প্রক্রিয়াজাত করার সময় ওই ৯ জনকে হাতেনাতে আটক করা হয়।

পরে বুধবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অপরাধের দায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রিক্তা খাতুন আরও জানান, সিংগাইর উপজেলার হিরু নামের এক ব্যক্তি ওই ৯ জনকে ভাড়া করে ঘোড়া জবাই ও মাংস প্রক্রিয়াজাত করার চুক্তি করেছিলেন। প্রক্রিয়াজাত করা মাংস ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকার হোটেলে সরবরাহের কথা ছিল।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনির হোসেন জানান, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক রিক্তা খাতুন ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনির হোসেন উপস্থিত ছিলেন।

এমসিএইচ
আরও পড়ুন
সর্বশেষপঠিত