নারায়ণগঞ্জের বন্দরে দিনদুপুরে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্র নিয়ে ১০ থেকে ১২ জনের একটি দল দোকানে ঢুকে মালিককে মারধরের পর স্বর্ণালঙ্কার ও রুপা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বন্দর থানার ১ নম্বর ঢাকেশ্বরী বাজারে দেবাশীষ ঢালীর স্বর্ণের দোকানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে ডাকাতির সময় দোকানের ভেতরের সিসিটিভিতে ধারণ করা ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দোকান মালিক দেবাশীষ ঢালী জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ দোকানে প্রবেশ করে। দেশীয় অস্ত্র দেখিয়ে তারা তাকে মারধর করে। পরে দোকানে থাকা এক ক্রেতার কাছ থেকে প্রায় সাড়ে ৩ ভরি স্বর্ণ এবং দোকানের সিন্দুক ও ড্রয়ারে থাকা আরও প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়। এ সময় ২০০ থেকে ৩০০ ভরি রুপাও নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে লুটকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।