গাজীপুরে টঙ্গীতে কাভার্ডভ্যানের চাপায় আয়েশা খাতুন ও তার ছেলে ইয়াসিন নিহত হয়েছেন। এ ঘটনায় ইয়াসিনের স্ত্রী আরজিনা গুরুতর আহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পের উড়ালসেতুর টঙ্গী স্টেশন রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম জানান, ময়মনসিংহের মুক্তাগাছা থেকে বাসে করে তারা টঙ্গীতে পৌঁছান। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে আয়েশা খাতুন, তার ছেলে ইয়াসিন ও আরজিনা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়েশা খাতুন ও ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করেছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।