টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ মাজেদা বেগম (৩৭) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ।
 
সোমবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে টঙ্গীর কাজীবাড়ি এলাকার চন্দ্রিমা হাউজিংয়ের একটি ভবনের পঞ্চম তলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে মাজেদা বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাজেদা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার ধরাভাঙ্গা এলাকার মৃত ইদ্রিস মিয়ার মেয়ে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, মাজেদার বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।