ক্ষেতলালে মাদ্রাসাছাত্রকে মারধরের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১২:২৫ পিএম

জয়পুরহাটের ক্ষেতলালে পড়া দিতে গিয়ে আটকে যাওয়ায় ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে লাঠি দিয়ে মারধরের অভিযোগে শিক্ষক হাফেজ মো. আমির হামজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত শিক্ষার্থী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বিনাই দারুল উলুম হাফেজিয়া ও নুরানি কওমি মাদ্রাসার শিক্ষক আমির হামজাকে গ্রেপ্তার করা হয়। এর আগে দুপুর ১২টার দিকে মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ক্ষেতলাল থানার এসআই (নিরস্ত্র) জাহিদ হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

আহত শিক্ষার্থী জিহাদ (১৩) ওই গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেনের ছেলে। গ্রেপ্তার হওয়া শিক্ষক আমির হামজার বাড়ি পাশের আক্কেলপুর উপজেলায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জিহাদ মাদ্রাসাটির শিক্ষার্থী। সে ইতোমধ্যে পবিত্র কোরআনের ১৮ পারা হিফজ করেছে। স্থানীয় বিভিন্ন হিফজ প্রতিযোগিতায়ও তার সাফল্য রয়েছে বলে জানিয়েছেন স্বজনেরা।

জিহাদের ভাষ্য, আগের রাতে প্রতিদিনের মতো পড়াশোনা শেষে ঘুমিয়ে পড়ে সে। পরদিন সকালে মাদ্রাসায় গিয়ে শিক্ষককে পড়া শোনানোর সময় একপর্যায়ে আটকে যায়। এতে শিক্ষক ক্ষিপ্ত হয়ে তাকে লাঠি দিয়ে মারধর করেন। পরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফোলা নিয়ে মাদ্রাসা থেকে বাড়িতে চলে যায় সে।

জিহাদের বাবা মোশাররফ হোসেন অভিযোগ করেন, এর আগেও ওই শিক্ষক তার ছেলেকে মারধর করেছিলেন। বিষয়টি নিয়ে শিক্ষককে সতর্কও করেছিলেন তিনি। এবার মারধরের পর ছেলে বাড়িতে ফিরে কান্নাকাটি শুরু করে। শরীরে আঘাতের চিহ্ন দেখে তিনি তাকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান। পরে ইউএনওর পরামর্শে থানায় যোগাযোগ করেন এবং থানার পরামর্শে ছেলেকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

জিহাদের মা বলেন, পড়া না পারলে বুঝিয়ে শেখানোর পরিবর্তে শিশুকে শারীরিকভাবে নির্যাতন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। তাদের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে এবং পড়াশোনায় ভুল বা অমনোযোগিতার কারণে কোনো শিশুকে শারীরিক নির্যাতন করা যাবে না।

মাদ্রাসার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ওই শিক্ষককে এখনো আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়নি। প্রাথমিকভাবে তাকে রাখা হয়েছে। তার কাজের মান ভালো হলে নিয়োগ দেওয়া হবে। মারধরের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ছেলেটি পড়াশোনায় ভালো। কিছুদিন আগে ওই শিক্ষকই তাকে একটি অনুষ্ঠানে বিজয়ী করে এনেছিলেন। ছেলেটির বাবা আগে পড়াশোনা না করলে শাসন করতে বলেছিলেন। হয়তো শিক্ষক একটু শাসন করেছেন। বিষয়টি তাঁদের জানালে স্থানীয়ভাবে সমাধান করা যেত বলেও মন্তব্য করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি জানান, ভুক্তভোগী পরিবার তার কাছে গিয়েছিলেন। তিনি থানায় ফোন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বলেছেন।

শিক্ষককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ক্ষেতলাল থানার এসআই (নিরস্ত্র) জাহিদ হাসান জানান, পরিবারের অভিযোগের পর ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া বিস্তারিত জানাতে রাজি হননি তিনি। পরিবারের পক্ষ থেকে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত