সখীপুরে ১০০ কেজি গাঁজা উদ্ধার, কৃষকদল নেতাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলের সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক হেলাল মিয়া (৪২) ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪। রোববার (৪ অক্টোবর) উপজেলার বেতুয়া তিন রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে একটি কাভার্ডভ্যান ও মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের মো. আশরাফুল আলম (৩৯), কুমিল্লার মো. রাজু ইসলাম (৩০) এবং সখীপুরের বহেড়াতৈল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক হেলাল মিয়া (৪২)।

এসআরবি-১৪-এর মিডিয়া অফিসার নাদিয়া ফারজানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেতুয়া এলাকায় চেকপোস্ট বসানো হয়। সেখানে একটি কাভার্ডভ্যান ও সেটিকে পাহারা দিয়ে আসা মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে কাভার্ডভ্যানে বিশেষ কায়দায় প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান ও মোটরসাইকেল, নগদ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এসআরবি-১৪-এর দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। পরে উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার তিনজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সখীপুর থানায় হস্তান্তর করা হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।