বজ্রপাতের শব্দে অসুস্থ ১২ শিক্ষার্থী হাসপাতালে

গাজীপুরের কাপাসিয়া সিংগুয়া উচ্চ বিদ্যালয়ে বজ্রপাতে অন্তত ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ১২জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ে ক্লাস চলাকালে এই ঘটনা ঘটে।

সিংগুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, দুপুর ২টার দিকে বৃষ্টি শুরু হয়, বৃষ্টি শুরুর কিছু সময় পরে হঠাৎ বজ্রপাত হয়। এ সময় বিদ্যালয়ের ভবনে ক্লাস চলছিল। একটি বজ্রপাতের শব্দে নিচতলার অন্তত ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তারা সবাই ছাত্রী।

তিনি বলেন, শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিবেশীদের সহযোগিতায় অসুস্থ শিক্ষার্থীদের অটোরিকশায় পার্শ্ববর্তী মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ জানান, দুপুরে ১২জন শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে সাতজন ইতোমধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। বাকী পাঁচজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারাও শঙ্কামুক্ত। মূলত বজ্রপাতের শব্দ থেকে ভয় পেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে।