ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাহত পুলিশ কর্মকর্তা

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযানে চিহ্নিত ছিনতাইকারীকে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। আহত হানিফ মাহমুদ (৪৬) টঙ্গী পশ্চিম থানায় কর্মরত। এ ঘটনায় ছিনতাইকারী কামরুজ্জামান শাওন খন্দকার ওরফে কাইল্যা শাওন (২৬) ও তার সহযোগী সাগরকে (২৫) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানার খরতৈল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে এসআই হানিফ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল খরতৈল এলাকায় ছিনতাইবিরোধী অভিযান চালায়। এ সময় শাওন ও সাগরকে হাতেনাতে আটক করতে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে শাওনের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে হানিফ মাহমুদের পায়ের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

ছুরিকাঘাতে আহত হওয়ার পরও হানিফ মাহমুদ শাওনকে ধরে ফেলেন। পরে সঙ্গীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে শাওন ও সাগরকে আটক করে থানায় নিয়ে যান।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহত পুলিশ কর্মকর্তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, আহত পুলিশ কর্মকর্তাকে চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।