রূপগঞ্জে রোলিং মিলে চুল্লি বিস্ফোরণ, দগ্ধ ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল রোলিং মিলে চুল্লি বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। গুরুতর দগ্ধ সজীব সরকারসহ চারজনকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার তারাব পৌরসভার আড়িয়াব এলাকায় প্রিমিয়ার স্টিল রোলিং মিলে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকেরা হলেন- সজীব সরকার (৩২), রুবেল আহমেদ (২৮), নাজমুল (৩৩) ও আবির (১৯)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ জানিয়েছেন, সজীবের শরীরের ৭০ শতাংশ, রুবেলের ২৫ শতাংশ, নাজমুলের ২০ শতাংশ এবং আবিরের ১০ শতাংশ পুড়ে গেছে। সজীবের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। চারজনেরই চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কারখানাটিতে কাজ চলার সময় হঠাৎ বিকট শব্দে চুল্লিতে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে কর্মরত চার শ্রমিক দগ্ধ হন। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এ এইচ এম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।