মা ইলিশ রক্ষায় অভিযান, ১৮ জেলের কারাদণ্ড

মুন্সিগঞ্জের পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ অক্টোবর) শ্রীনগর ও লৌহজং উপজেলায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা সেতুর কাছ থেকে শ্রীনগর উপজেলার বাঘরা এলাকার পাশের নদী পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও পাঁচ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

পরে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা ইলিশ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু এবং শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান। দণ্ডপ্রাপ্ত জেলেদের কারাগারে পাঠানো হয়েছে।

অভিযানে লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম, শ্রীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মালেক খসরু খান, মাওয়া কোস্টগার্ডের সদস্যসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।