জয়পুরহাটে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজিজুল ইসলাম (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের মালিদহ গ্রামে এই ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত আজিজুল ইসলাম ওই গ্রামের ছলিম উদ্দীনের ছেলে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে শিশুটি বাড়ির সামনে অভিযুক্তের সাত বছর বয়সী মেয়ের সঙ্গে খেলছিল। এ সময় আজিজুল নিজের মেয়েকে কৌশলে দোকানে পাঠিয়ে শিশুটিকে শয়নকক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে তিনি তাকে ছেড়ে দেন। পরে শিশুটি দৌড়ে নিজের বাড়িতে চলে যায়।

ঘটনার পর শিশুটির মা ও স্থানীয় লোকজন অভিযুক্তের বাড়িতে গিয়ে এই বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে পালানোর চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে আজিজুলকে গ্রেপ্তার করা হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এমইউ
আরও পড়ুন