সুস্থতার বার্তা নিয়ে নরসিংদীতে দেড় হাজার প্রতিযোগীর ম্যারাথন

সুস্থ জীবনযাপন ও শরীরচর্চার বার্তা ছড়িয়ে দিতে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে ‘নরসিংদী ম্যারাথন ২০২৬’। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে নরসিংদী রানার্স কমিউনিটির আয়োজনে এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে অংশ নেন প্রায় দেড় হাজার দৌড়বিদ। ৪২, ২১ ও ১০ কিলোমিটারের তিনটি বিভাগে অনুষ্ঠিত এ আয়োজনে নারী-পুরুষ, তরুণ ও প্রবীণদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ভোর ৪টায় নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কে ৪২ কিলোমিটারের ফুল ম্যারাথন শুরুর মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে ২১ কিলোমিটারের হাফ ম্যারাথন উদ্বোধন করেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। আরশীনগর রেলগেট এলাকায় ১০ কিলোমিটারের মিনি ম্যারাথনের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ফুল ম্যারাথনে ৩০০, হাফ ম্যারাথনে ৩৬৫ এবং মিনি ম্যারাথনে ৫৩৫ জন দৌড়বিদ অংশ নেন। পেশাদার দৌড়বিদদের পাশাপাশি সুস্থ থাকার প্রত্যয় নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এতে যোগ দেন।

ঢাকা থেকে এসে ১০ কিলোমিটারের মিনি ম্যারাথনে দ্বিতীয় স্থান অর্জন করেন মৌনতা আলম। তিনি বলেন, ম্যারাথনের আয়োজন বেশ ভালো হয়েছে। ধীরে ধীরে এ ধরনের প্রতিযোগিতায় নারীদের অংশগ্রহণ বাড়ছে। সুস্থ থাকতে শরীরচর্চার পাশাপাশি আরও বেশি নারীকে ম্যারাথনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

নারায়ণগঞ্জ থেকে আসা দৌড়বিদ ফয়সাল আহমেদ বলেন, তিনি প্রতিবছর দেশের বিভিন্ন স্থানে আয়োজিত ম্যারাথনে অংশ নেন। নরসিংদীতে প্রথমবারের এই আয়োজন তাঁর কাছে গোছানো ও সুন্দর মনে হয়েছে। ভবিষ্যতে আরও বেশি দৌড়বিদ এতে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। তাঁর মতে, এ ধরনের আয়োজন তরুণদের শরীরচর্চায় আগ্রহী করে তুলবে।

ম্যারাথনে অংশ নেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকার সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। তিনি বলেন, বিভিন্ন রোগ প্রতিরোধে জীবনযাপন, খাদ্যাভ্যাস ও শরীরচর্চায় পরিবর্তন আনা প্রয়োজন। সুস্থ থাকার সহজ উপায়গুলোর একটি হলো দৌড়। সারা দেশে এ ধরনের আয়োজন ছড়িয়ে পড়ার পাশাপাশি মানুষের মধ্যে নিয়মিত দৌড়ানোর অভ্যাস গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিযোগীদের সুবিধা ও নিরাপত্তায় আয়োজকেরা বিভিন্ন ব্যবস্থা রাখেন। নির্দিষ্ট দূরত্ব পরপর পানীয় জল ও হাইড্রেশনের ব্যবস্থা ছিল। অংশগ্রহণকারীদের জন্য রেস জার্সি, মেডেল, চিপযুক্ত বিব নম্বর, ই-সার্টিফিকেট ও চিকিৎসাসেবার পাশাপাশি বিনা মূল্যে রাতযাপনের ক্যাম্পিং সুবিধাও দেওয়া হয়।

নরসিংদী ম্যারাথনের রেস পরিচালক আক্তারুজ্জামান আক্তার বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণ তাঁদের উৎসাহিত করেছে। নরসিংদীতে দৌড়ের সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি তরুণদের মোবাইল ফোনে অতিরিক্ত সময় ব্যয় না করে শরীরচর্চায় মনোযোগী করা এবং মাদক থেকে দূরে রাখার লক্ষ্যেও এ আয়োজন ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করছেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে খায়রুল কবির খোকন বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ক্রীড়াঙ্গনে দলীয়করণের কারণে ক্ষতি হয়েছে। বর্তমান সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে তরুণদের সচেতন করতে খেলাধুলার প্রসারে কাজ করা হবে বলেও জানান তিনি। জেলা থেকে উপজেলা পর্যায় পর্যন্ত ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ম্যারাথনের মাধ্যমে নরসিংদীর পরিচিতি সারা দেশে ছড়িয়ে পড়ছে। ভবিষ্যতেও এ আয়োজনে সহযোগিতা অব্যাহত থাকবে।

পরে নরসিংদী সরকারি কলেজ মাঠে বিজয়ীদের হাতে মেডেল, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন খায়রুল কবির খোকন। প্রতিযোগিতার তিন বিভাগে নারী ও পুরুষ মিলিয়ে ৪২ জন এবং বয়স্কদের মধ্যে আরও ১০ জনসহ মোট ৫২ জনকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, আয়োজক কমিটির উপদেষ্টা মাহবুবুর রহমান মনির, রেস পরিচালক আক্তারুজ্জামান, রেস অ্যাম্বাসেডর খবির উদ্দিন এবং আয়রনম্যান সাকলাইন রাসেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।