সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে আগামী রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটায় হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হবে। এর আগে সকালে প্রধান বিচারপতি ও আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সঙ্গে আইনজীবীদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আপিল বিভাগের ১ নম্বর এজলাসের সামনের করিডোরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এতে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের সঙ্গে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ আইনজীবীরা মিলিত হবেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া আইনজীবীদের আপ্যায়নের জন্য সুপ্রিম কোর্টের মূল ভবনসংলগ্ন ইনার কোর্ট ইয়ার্ডে (বাগান) ব্যবস্থা রাখা হয়েছে।
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানের কারণে রোববার হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম নির্ধারিত সময়ের পরিবর্তে দুপুর আড়াইটায় শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তরুণীর সিঁথিতে সিঁদুর দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৫