গাজীপুরের টঙ্গীর এরশাদনগরে জামিয়া বাইতুল ফালাহ জামে মসজিদ, মাদরাসা ও এতিমখানার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় এরশাদনগরের ১ নম্বর ব্লকে যাকাত বোর্ড শিশু হাসপাতাল মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা আলেম-ওলামা ও ধর্মীয় আলোচকেরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন।
মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া কুরআনিয়া লালবাগের শাইখুল হাদিস মুফতি সাখাওয়াত হুসাইন রাজি। প্রধান অতিথি ছিলেন টঙ্গী দারুল উলুম মাদরাসার শাইখুল হাদিস ও মুহতামিম মুফতি মাসউদুল করিম।
এ ছাড়া ওয়াজ করেন মুফতি আবু বকর কাসেমী, মুফতি ইকবাল হুসাইন মাসুম, মুফতি বুরহান উদ্দীন, মুফতি সিহাব উদ্দিন মিয়াজী, মুফতি ওমর ফারুক, মুফতি আবু তালেব মুহাম্মাদ সাইফুদ্দিন, মুফতি আব্দুল কাহহার বিন খলিল, মুফতি হাসান মাসউদ, মুফতি ফজলুর রহমান ও মুফতি আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া বাইতুল ফালাহ মাদরাসা ও এতিমখানার সভাপতি আলহাজ মো. নুরুল হক। মাহফিল পরিচালনা করেন মাদরাসার মুহতামিম মুফতি মেরাজুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও এরশাদনগর বড় বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মিরাজ মিয়া। আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবদলের সহসভাপতি কৃষক মনির, বড় বাজার পরিচালনা কমিটির সহসভাপতি আব্দুল লতিফ প্রধান ও দপ্তর সম্পাদক মনির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতারা।
মাহফিল বাস্তবায়নে দায়িত্ব পালন করেন আলহাজ মো. আব্দুল হক, আলহাজ রফিকুল ইসলাম (খোকন), মাওলানা আলাউদ্দীন ও হাফেজ মাওলানা মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।