কিশোরগঞ্জের করিমগঞ্জে গৃহবধূ জ্যোৎস্না বেগম হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ মামলার অপর চার আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. জহির উদ্দীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- রবি (৩৭), মঞ্জিল (৬৫), শহিদ (৫৫), মাহবুব (৩৫), আমিনুল (৩০), জিয়াউদ্দিন (৫৫) ও সাহাবুদ্দিন (৬০)। খালাস পাওয়া চারজন হলেন আবুল কালাম, সুফিয়া আক্তার, কলি আক্তার ও নুরুন্নাহার।
কিশোরগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মিজানুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া গ্রামে চুলার ধোঁয়া নিয়ে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। ওই গ্রামের রবির স্ত্রী কলি আক্তার মাটির চুলায় রান্না করার সময় ধোঁয়া পাশের বাড়ির হাবিবুর রহমানের ঘরে প্রবেশ করছিল। এ নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাবিবুর রহমানের স্ত্রী জ্যোৎস্না বেগমসহ তাঁর স্বজনদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন।
গুরুতর আহত জ্যোৎস্না বেগমকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন গভীর রাতে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি নিহতের স্বামী মো. হাবিবুর রহমান বাদী হয়ে ১১ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।
তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আজ আদালত এ রায় ঘোষণা করেন।