মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ব্যবহৃত সরঞ্জাম এবং চীনের বিপ্লবী নেতা মাও সে-তুঙের উপহার দেওয়া ঐতিহাসিক ট্রাক্টর যথাযথভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন তাঁর পরিবারের সদস্য, ভক্ত ও অনুসারীরা। টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব স্মৃতিচিহ্ন রাখা হলেও দীর্ঘদিনের অযত্ন ও পরিচর্যার অভাবে কয়েকটি নিদর্শন নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় ভাসানীর ব্যবহৃত সব জিনিসপত্র ও স্মৃতিচিহ্ন নিয়ে একটি আধুনিক জাদুঘর নির্মাণের দাবি উঠেছে।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাখা ট্রাক্টরটি শুধু একটি পুরোনো কৃষিযন্ত্র নয়, এটি বাংলাদেশ-চীন ঐতিহাসিক সম্পর্ক এবং ভাসানীর কৃষকবান্ধব সমবায় দর্শনের স্মারক। ট্রাক্টরটির পাশাপাশি ক্যাম্পাসে রয়েছে মওলানা ভাসানীর ব্যবহৃত টাইপরাইটারসহ বিভিন্ন সরঞ্জাম। তবে দীর্ঘদিন এসব নিদর্শনের যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাব ছিল। সম্প্রতি এগুলো সংরক্ষণে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।
মওলানা ভাসানী ১৯৬৩ সালে প্রথম এবং ১৯৬৪ সালে দ্বিতীয়বার চীন সফর করেন। ওই সফরের অভিজ্ঞতা নিয়ে তিনি ‘মাও সে-তুঙের দেশে’ নামে একটি বইও লেখেন। ১৯৬৬ সালে তৃতীয় ও শেষবার চীন সফরে গেলে দেশটির শীর্ষ নেতা মাও সে-তুঙ তাঁকে একটি ট্রাক্টর উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। এর ধারাবাহিকতায় ১৯৬৭ সালে ট্রাক্টরটি চীন থেকে বাংলাদেশে পাঠানো হয়। সমবায় পদ্ধতিতে কৃষিকাজের উপযোগী এ ট্রাক্টর দিয়ে একসঙ্গে ৫০ একর জমি চাষ করা সম্ভব ছিল।
বাংলাদেশে আসার পর ট্রাক্টরটি প্রথমে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহীপুরে মওলানা ভাসানীর কৃষি কার্যক্রমে ব্যবহার করা হয়। পরে ১৯৭৪ সালে এটি টাঙ্গাইলের সন্তোষে আনা হয়। জনকল্যাণের কথা বিবেচনা করে ভাসানী ট্রাক্টরটি বসিয়ে না রেখে কৃষিকাজে ব্যবহারের জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কাছে হস্তান্তর করেন। বিএডিসি জামালপুরে কিছুদিন এটি ব্যবহার করে। একপর্যায়ে ট্রাক্টরটি অকেজো হয়ে পড়ে থাকলে তা বিক্রির উদ্যোগ নেওয়া হয়। খবর পেয়ে ১৯৯৫ সালে তৎকালীন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্ট বোর্ড ঐতিহাসিক ট্রাক্টরটি ক্যাম্পাসে ফিরিয়ে আনে। বর্তমানে এটি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন অযত্নে থাকার পর সম্প্রতি নিদর্শনগুলো সংরক্ষণে কিছুটা উদ্যোগ নেওয়া হয়েছে। মওলানা ভাসানী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হযরত আলী বলেন, মওলানা ভাসানীর স্মৃতিবিজড়িত ট্রাক্টরটি দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন। যথাযথভাবে সংরক্ষণ করা না হলে কালের বিবর্তনে এটি হারিয়ে যেতে পারে। তাই ভাসানীর সব স্মৃতিচিহ্ন সুন্দরভাবে সংরক্ষণের দাবি জানান তিনি।
মওলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানী বলেন, মাও সে-তুঙ বন্ধুত্বের নিদর্শন হিসেবে ট্রাক্টরটি উপহার দিয়েছিলেন। এটি আরও যত্নসহকারে সংরক্ষণের পাশাপাশি ভাসানীর ব্যবহৃত সব জিনিসপত্র ও বিদেশে তোলা ছবি এক জায়গায় রাখার জন্য বড় পরিসরে একটি আধুনিক জাদুঘর নির্মাণ করা প্রয়োজন।
আরেক নাতি হাসরত খান ভাসানী বলেন, গত ২৪ বছরে মাজার ও স্মৃতিবিজড়িত জিনিসপত্র সংরক্ষণে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়নি। তবে বর্তমান উপাচার্য তাঁদের পরিবারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন।
মওলানা ভাসানীর নাতি ও বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু বলেন, স্মৃতিবিজড়িত জিনিসপত্র সংরক্ষণের দাবি তাঁরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু পদক্ষেপ নিলেও আরও জোরালো উদ্যোগ নিয়ে সেখানে একটি আধুনিক জাদুঘর গড়ে তোলা প্রয়োজন। ট্রাক্টর, সাবান কারখানাসহ ভাসানীর ব্যবহৃত সব নিদর্শন সেখানে সংরক্ষণ করা হলে পরবর্তী প্রজন্ম তাঁর জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারবে।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, দায়িত্ব নেওয়ার পর তিনি মওলানা ভাসানীর স্মৃতিবিজড়িত সব নিদর্শন পরিদর্শন করেছেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও আলোচনা করেছেন। ভাসানীর কোনো স্মৃতিচিহ্ন নষ্ট হতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, তাঁর ব্যবহৃত ঐতিহাসিক নিদর্শন যথাযথভাবে সংরক্ষণ ও সুন্দরভাবে উপস্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এ উদ্যোগ অব্যাহত থাকবে।