টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার তিন ইউনিয়নের সংযোগস্থলে পরেশ সাধুর দহের ওপর সেতু না থাকায় দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। দহের দুপাশে পাকা সড়ক থাকলেও মাঝখানে সেতু না থাকায় যানবাহন চলাচল করতে পারে না। এলাকাবাসীর যাতায়াতের একমাত্র ভরসা একটি নড়বড়ে বাঁশের সাঁকো। এতে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
পরেশ সাধুর দহটি উপজেলার আতিয়া, দেলদুয়ার ও পাথরাইল ইউনিয়নের সংযোগস্থলে নান্দুরচকবাজার ও পাথরাইলের টেঘুরি এলাকার মাঝামাঝি অবস্থিত। সরেজমিনে দেখা যায়, গাদতলা-টেঘুরি সড়কের দুই পাশ পাকা হলেও দহের ওপর কোনো সেতু নেই। ফলে সড়কটি দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না। কোটি টাকা ব্যয়ে নির্মিত দুই পাশের সড়ক থাকলেও সেতুর অভাবে তা এলাকাবাসীর প্রত্যাশিত কাজে আসছে না।
স্থানীয়রা জানান, এলাকায় প্রচুর কৃষিপণ্য উৎপাদিত হলেও সেতু ও উন্নত যোগাযোগব্যবস্থার অভাবে কৃষকেরা সহজে তাঁদের পণ্য বাজার কিংবা জেলা সদরে নিতে পারেন না। এতে সময় ও পরিবহন খরচ বাড়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের। কেউ অসুস্থ হলে কিংবা অন্তঃসত্ত্বা নারীকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নিতে হলেও বাঁশের সাঁকো পার হওয়া কঠিন হয়ে পড়ে। এতে জরুরি চিকিৎসাসেবা পেতে বিলম্বের আশঙ্কা থাকে।
এলাকাবাসীর দাবি, টাঙ্গাইল জেলা সদরে যেতে বর্তমানে তাঁদের বিকল্প পথে প্রায় ৩০ কিলোমিটার ঘুরতে হয়। এতে অতিরিক্ত এক থেকে দেড় ঘণ্টা সময় লাগে এবং যাতায়াত ব্যয়ও বেড়ে যায়। তাঁদের মতে, পরেশ সাধুর দহের ওপর একটি সেতু নির্মিত হলে যাতায়াতের দূরত্ব ও সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
নান্দুরিয়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন বলেন, দীর্ঘদিন আগে গাদতলা-টেঘুরি সড়কটি পাকা করা হলেও দহের ওপর সেতু না থাকায় যানবাহন চলাচল করতে পারে না। স্থানীয়দের কেউ কেউ শুধু হেঁটে সড়কটি ব্যবহার করেন। পণ্য পরিবহন কিংবা জরুরি প্রয়োজনে যাতায়াতের সুযোগ নেই বললেই চলে। এ দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত একটি টেকসই সেতু নির্মাণের দাবি জানান তিনি।
জাঙ্গালিয়া গ্রামের সাগর মিয়া, মুকুল হোসেন ও আবেদ আলীসহ স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা এখানে সেতু নির্মাণের আশ্বাস দিলেও পরে আর কার্যকর উদ্যোগ দেখা যায় না। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দুর্ভোগের কথা জানানো হলেও সমস্যার সমাধান হচ্ছে না। তাঁরা আর আশ্বাস নয়, দ্রুত সেতু নির্মাণের বাস্তব উদ্যোগ দেখতে চান।
এলাকাবাসীর দাবি, জনসাধারণের নিরাপদ যাতায়াত, কৃষিপণ্য পরিবহন এবং তিন ইউনিয়নের যোগাযোগব্যবস্থা উন্নত করতে পরেশ সাধুর দহের ওপর দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক।
এ বিষয়ে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী জানান, বিভিন্ন মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন এবং এলাকাবাসীর দুর্ভোগ সম্পর্কে অবগত আছেন। অগ্রাধিকার ভিত্তিতে সেতু নির্মাণের প্রকল্প নিতে স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতা প্রয়োজন। তবে দীর্ঘদিনের দুর্ভোগ বিবেচনায় দ্রুত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন এবং সেতু অনুমোদনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
পাথরঘাটায় জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন
যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের ‘সম্ভাব্য হুমকি’ মোকাবিলায় প্রস্তুত ওয়াশিংটন: মার্কিন নিরাপত্তামন্ত্রী