করিমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে বাড়ির পাশের গাছ থেকে জলপাই পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের নাহিরাজ পাড়া বান্নিঘাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর মিয়া ওই গ্রামের মোহাম্মদ জামির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের একটি জলপাই গাছে উঠে ফল পাড়ছিলেন আলমগীর। এ সময় গাছের সংস্পর্শে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুতের ঝটকায় গাছ থেকে নিচে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা আদিব হাসান বলেন, সকালে হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে আলমগীরকে গাছের নিচে পড়ে থাকতে দেখেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও বাঁচানো যায়নি।

নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জলপাই পাড়তে গিয়ে আলমগীর বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গাছ থেকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।