ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুরের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও সাধারণ মানুষ।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা মহাসড়কে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান করেন। পরে সকাল ৯টার দিকে তাঁরা মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

এদিকে শ্রমিক অসন্তোষের কারণে পরিস্থিতি বিবেচনায় মহানগরীর ১০টি পোশাক কারখানা বুধবারের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার মো. আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শ্রমিক আন্দোলনের কারণে বুধবার সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আর গতকালের তথ্য অনুযায়ী, ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।