গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ী, আনসার রোডসহ কয়েকটি স্থানে অবরোধ করেছেন শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে কারখানায় কাজে যোগ না দিয়ে শ্রমিকরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন।
শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মস্থলে যান। তবে কাজে যোগ না দিয়ে তাঁরা কারখানার ভেতরে অবস্থান করতে থাকেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ গড়ে তোলেন।
এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা সড়কে টায়ার জ্বালিয়ে আগুনও দেন। পরিস্থিতি বিবেচনায় আশপাশের কয়েকটি কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য ছুটি ঘোষণা করে।
পরে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। তবে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এখনো অবরোধ চলছে। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।