গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১,৭০০ স্বাস্থ্যকর্মী ও নার্স

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩০ পিএম

গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে ১ হাজার ৭০০ স্বাস্থ্যকর্মী ও নার্স নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অ্যাসোসিয়েশন (পিএনএনএমএ)।

বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ইসরায়েলের বিমান হামলা ও স্থল অভিযানে এসব স্বাস্থ্য ও নার্সিং পেশাজীবী প্রাণ হারিয়েছেন।

গাজার চিকিৎসাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে এখনো নিখোঁজ থাকা স্বাস্থ্যকর্মীদের ভাগ্যে কী ঘটেছে, তা নির্ধারণে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে তারা।

সংগঠনটি জানায়, ইসরায়েলের অব্যাহত হামলা এবং চিকিৎসাসামগ্রী ও প্রয়োজনীয় উপকরণের তীব্র সংকটের মধ্যেও চিকিৎসক ও নার্সরা রোগী এবং আহতদের সেবা দিয়ে যাচ্ছেন।

গাজার স্বাস্থ্যব্যবস্থার ওপর ইসরায়েলের অবরোধকে ‘সর্বাত্মক’ আখ্যা দিয়ে পিএনএনএমএ সতর্ক করেছে, এর ফলে উপত্যকার বাইরে জরুরি চিকিৎসার অপেক্ষায় থাকা ২১ হাজারের বেশি রোগীর জীবন ঝুঁকিতে পড়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত হয়েছেন। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু।

এদিকে, গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। জাতিসংঘ পুনর্গঠনের ব্যয় ৭১৪০ কোটি ডলার হতে পারে বলে প্রাক্কলন করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল এখনো গাজায় পূর্বসম্মত পরিমাণে খাদ্য, ওষুধ, চিকিৎসাসামগ্রী, আশ্রয় উপকরণ ও প্রিফ্যাব্রিকেটেড ঘর প্রবেশে বাধা দিচ্ছে। প্রায় ২৪ লাখ ফিলিস্তিনির বসবাস এই উপত্যকায়; তাঁদের মধ্যে প্রায় ২১ লাখ ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে চরম মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত