ফরিদপুরের মধুখালীতে চার বছরের এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিল (২৮) নামের এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আশরাফুল উকিল আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ অক্টোবর সকালে মধুখালী উপজেলার চর লাউজানা গ্রামে চার বছর বয়সী শিশু কন্যাটি বাড়িতে খেলছিল। শিশুর মা তখন রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় প্রতিবেশী আশরাফুল উকিল তাদের বাড়িতে গিয়ে শিশুটির সঙ্গে খেলতে শুরু করেন। এক পর্যায়ে সেখানেই শিশুটির ওপরে পাশবিক নির্যাতন চালায় সে। তার কান্না শুনে রান্না ঘর থেকে তার মা ছুটে গেলে অভিযুক্ত পালিয়ে যায়। পরদিন শিশুটির মা বাদি হয়ে মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, চার বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিলকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।