দুর্বৃত্তদের হামলায় পুলিশ কনস্টেবল নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কাশীপুর ইউনিয়নের হাশেবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন সদর মডেল থানার অধীন শীতলক্ষ্যা ফাঁড়িতে কর্মরত ছিলেন। তাঁর সঙ্গে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তবে তাঁর শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, একজন এএসআই ও একজন কনস্টেবল সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার হোসেন নিহত হন।

তিনি আরও জানান, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। হামলাকারীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।