গাজীপুরের শ্রীপুর ও সদর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দফায় দফায় অবরোধ করেছেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত কয়েক দফা অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অন্তত চার দফা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। এ সময় লাঠি হাতে শ্রমিকরা সড়কে অবস্থান নেন। খবর পেয়ে গিলারচালা এলাকা থেকে সাঁজোয়া যান নিয়ে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা যানটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ছোড়া হলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের সংযোগ সড়কে চলে যান।
সকাল গড়াতেই একের পর এক শ্রমিকের জটলা দেখা যায়। কারও হাতে ছিল লাঠি, কারও হাতে ইটের টুকরো। এতে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। যানবাহন চলাচল বন্ধ হয়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় আবারও মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিক আবদুল হক বলেন, আমরা ন্যায্য অধিকার আদায়ের দাবিতে আন্দোলন করছি। তবে স্থানীয় রাজনৈতিক কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের দাবি তুলে ধরতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন । কোনো ধরনের নাশকতায় আমরা জড়িত নন।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।