ফতুল্লায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ৩ কারখানায় ছুটি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। বুধবার (২৪ নভেম্বর) বিসিক ও মাসদাইর এলাকায় এ আন্দোলনের কারণে তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) আনোয়ারুল হক।

সাধারণ ছুটি ঘোষণা করা কারখানাগুলো হল, ফারিহা নীটেক্স লিমিটেড, এনআর গ্রুপ ও রিবলাইন লিমিটেড। আনোয়ারুল হক বলেন, বিসিক ও পঞ্চবটি এলাকায় তিনটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন। তাদের দাবি, সিনিয়র ও দক্ষ শ্রমিকদের গ্রেড উন্নয়ন এবং ছুটির সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। দীর্ঘদিন একই গ্রেডে থাকা শ্রমিকদের গ্রেড পরিবর্তনের দাবিও জানিয়েছেন তারা। আন্দোলনকে কেন্দ্র করে কোনো সমস্যা হয়নি জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের পরে বুঝিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এদিকে, বকেয়া সার্ভিস বেনিফিটের দাবিতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিকেএমইএ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বন্ধ হয়ে যাওয়া সেঞ্চুরি গার্মেন্টসের শ্রমিকেরা। এ বিষয়ে আনোয়ারুল হক বলেন, কারখানা বন্ধ থাকায় মালিকপক্ষের কেউ সেখানে নেই। তবে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।

এছাড়া ন্যূনতম মজুরি নিয়ে ঢাকার সাভার-গাজীপুরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের চাষাঢ়া ও ফতুল্লার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম এ শাহীন বলেন, মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণায় শ্রমিকদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। এই মজুরি বাস্তবসম্মত হয়নি। এটা অগ্রহণযোগ্য। বাস্তবতা বিবেচনায় নিয়ে এই মজুরি পুনর্মূল্যায়ন করে আরেকটু বাড়ানোর দাবি করছি। তবে আমরা কোনো বিশৃঙ্খলার পক্ষে নেই, বলেন তিনি।