কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল আবেদীন হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (২৫ নভেম্বর) কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এই রায় ঘোষণা করেন। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মো. মিজানুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১১ জানুয়ারি কিশোরগঞ্জ শহরের বটতলা এলাকার কোহিনুর হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন জয়নাল আবেদীন। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে হোটেলে যান শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের। একপর্যায়ে চা-পুরি খাওয়ানোর কথা বলে তাঁরা জয়নালকে হোটেল থেকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।
পরদিন ১২ জানুয়ারি গাইটাল নয়াপাড়া মাটিকাটা হাওরের মাঝখান থেকে জয়নালের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রথমে টাকা-পয়সার বিরোধের জেরে একই গ্রামের মানিকসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন নিহতের স্ত্রী। পরে পুলিশ মানিক ভুঞা ও জামিল উদ্দিনকে গ্রেপ্তার করে। তবে অধিকতর তদন্তের জন্য মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়।
সিআইডির তদন্তে হত্যাকাণ্ডে আগের আসামিদের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের বাদ দেওয়া হয়। পরে শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহেরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।