টুঙ্গিপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারিভাবে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
 
২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে মাষকলাই (বারি মাস-৩) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অনুমোদিত অগ্রাধিকার তালিকাভুক্ত ১২৫ জন কৃষকের মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
 
এ সময় জনপ্রতি ৫ কেজি প্রত্যায়িত বীজ (বিএডিসি থেকে প্রাপ্ত), ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।
 
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তারের সভাপতিত্বে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার মো. রাকিবুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মিঠুন সরকার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, এসএপিপিও, সংশ্লিষ্ট এসএএওসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
 
কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, বারি মাষকলাই-৩ (হেমন্ত) জাতটির জীবনকাল মাত্র ৭০ দিন এবং প্রতি হেক্টরে ফলন হয় গড়ে ১.৬ টন। জাতটি হলুদ মোজাইক ও পাতার দাগ রোগ সহনশীল। ডাল ফসল চাষের মাধ্যমে মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি মাটির উর্বরতা বৃদ্ধি পায়। তাই মাষকলাই চাষাবাদ সম্প্রসারণে কৃষকদের আরও বেশি করে উদ্বুদ্ধ করতে হবে।