ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ২ পুলিশসহ আহত ১০

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কালীগঞ্জ থানা মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ধানের শীষ প্রতীকের সাবেক প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের দলীয় কার্যালয়ে মহারাজপুর ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের নিয়ে একটি মতবিনিময় সভা চলছিল। মিটিং চলাকালে নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া।

সংঘর্ষের একপর্যায়ে এক পক্ষ ধাওয়া খেয়ে কালীগঞ্জ থানার ভেতরে ঢুকে পড়ে। প্রতিপক্ষ সেখানেও হানা দিলে থানার ভেতরেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে দুই পুলিশ কনস্টেবল আহত হন। এছাড়া উভয় পক্ষের অন্তত ৮ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই ঘটনার পর থেকে কালীগঞ্জ পৌর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে থানা মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দলীয় মিটিংয়ে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষের সূত্রপাত। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।