ঝিনাইদহ মেডিকেল কলেজের সম্ভাব্য স্থান পরিদর্শন

ঝিনাইদহে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার (১০ জুন) সকাল থেকে দিনব্যাপী জেলার বিভিন্ন সম্ভাব্য স্থান ঘুরে দেখেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মাজহারুল ইসলামের নেতৃত্বে গঠিত কমিটি ঝিনাইদহ সদর ও শৈলকূপা উপজেলার একাধিক স্থান পরিদর্শন করে।

সম্ভাব্য স্থানগুলোর মধ্যে ছিল ঝিনাইদহ সদর হাসপাতাল এলাকা, ঝিনাইদহ-যশোর মহাসড়কের চুটুলিয়া মোড় সংলগ্ন মাঠ, মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউট (ম্যাটস) এলাকা, পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন খাস জমি, আমতলা এলাকা, শৈলকূপা উপজেলার দুধসর ইউনিয়নে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়ক সংলগ্ন খাস জমি এবং গাড়াগঞ্জ এলাকা।

পরিদর্শনকালে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সদস্য সচিব উপল সীজার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সঞ্জীব ও দিলরুবা জেবাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মজিদ, সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান সোহেল, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুস্তাফিজুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল রহমান লিটন, আইনমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সোহেল খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য উপযুক্ত স্থান নির্ধারণে কমিটি যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা, পর্যাপ্ত জমির প্রাপ্যতা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের সুযোগসহ বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করছে। পরিদর্শন শেষে এসব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করা হবে। পরবর্তীতে ওই প্রতিবেদনের ভিত্তিতেই চূড়ান্ত স্থান নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

স্থানীয়দের প্রত্যাশা, ঝিনাইদহে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠিত হলে জেলার স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। একই সঙ্গে চিকিৎসা শিক্ষার নতুন সুযোগ সৃষ্টি হবে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিপুল জনগোষ্ঠী উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা সহজে লাভ করতে পারবে।