চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে গুরুত্ব দেবে স্বাস্থ্য ব্যবস্থা: জিয়াউদ্দিন হায়দার

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৯ এএম

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে শুধু চিকিৎসানির্ভর না রেখে রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।

রোববার (৮ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে সারা দেশে নতুন করে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং ইউনিয়ন পর্যায়ে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার স্থাপনের কাজ শুরু হয়েছে। প্রতিটি সেন্টারের অধীনে তিনটি করে সুস্বাস্থ্যের হাব গড়ে তোলা হবে। এসব উদ্যোগের মাধ্যমে গ্রামীণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সাধারণ মানুষের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। এ ছাড়া সারা দেশে স্বাস্থ্য খাতের নতুন অবকাঠামো ও হাসপাতাল ভবন নির্মাণের কাজ চলছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও উন্নত হবে।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নু, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমানসহ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

এমইউ
আরও পড়ুন