বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ , ঔষধ, চিংড়ি মাছের রেণু ও মদ জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কাঁকডাঙ্গা, মাদরা, হিজলদী ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে শুক্রবার (১২ জুন) এসব মালামাল জব্দ করা হয়। ভারতীয় মালামালের বাজার মূল্য ১৪ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়ছন বিজিবি।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যর ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বাদামতলা নামক স্থান হতে ভারতীয় চিংড়ি মাছের রেনুপানা, কাঁকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি ও ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় ঔষধ ও ১৫ বোতল মদ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার রাজপুর নামক স্থান হতে এবং হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল বড়ালি নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
এছাড়া, ঝাউডাঙ্গা ক্যাম্প এর বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বায়ালিয়া নামক স্থান হতে ভারতীয় চিংড়ি মাছের রেনুপানা জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ১৪ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা চালানীরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস জমা দেওয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসমক্ষে ধ্বংসের নিমিত্তে বিজিবির স্টোরে জমা রাখা হয়েছে। তিনি আরও জানান চোরা চালান প্রতিরোধে বিজিবি এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।