ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী-শিশুসহ আটক ১৩

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১৩ জনকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে তিনজন নারী ও তিন শিশু রয়েছে। তারা ঝিনাইদহ, খুলনা ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকাল ৩টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটককৃতদের মধ্যে ৭জন পুরুষ হলেন- মহেশপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের হাসেম আলী (৫৫), একই গ্রামের শাহাব উদ্দিন (৫০), খুলনার তেরখাদা থানার বারাসাত গ্রামের লিয়াকত সরদার (৬০), তার ছেলে ইমাম সরদার (২৬), খুলনার দিঘলিয়া থানার পানিগাতি গ্রামের মহিদুল শেখ (৪৮), নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চরকাকড়া গ্রামের রাজীব চন্দ্র দেবনাথ (৩০) ও একই জেলার হাতিয়া থানার উত্তর রহনিয়া গ্রামের বিকাশ চন্দ্র মজুমদার (৪৭)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার রাত সাড়ে ৭টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ কুসুমপুর বিওপি'র সদস্যরা সীমান্ত পিলার-৬১/২০-আর এলাকায় টহল পরিচালনা করে। এ সময় পারাপারের সঙ্গে জড়িত দুই দালালকে আটক করে বিজিবি। এছাড়া রাত ৮টার দিকে খোসালপুর ও কুসুমপুর বিওপির পৃথক অভিযানে আরও নয়জনকে আটক করা হয়।

অপরদিকে, শ্যামকুড় বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/১১০-আর হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাইলবাড়িয়া গ্রামের তিন রাস্তার মোড় থেকে রাত সাড়ে ৯টার দিকে অবৈধভাবে ভারতে প্রবেশকালে আরও দু'জনকে আটক করা হয়। আটকদের মধ্যে একজন নারী। পরে আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, আটকদের মধ্যে তিন শিশু আছে। ওই তিন শিশু বাদে বাকি ১০ জনের নামে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

জেএম
আরও পড়ুন