চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করতে গিয়ে পানিতে ডুবে হাফসা খাতুন নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
 
শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। হাফসা খাতুন একই গ্রামের মাঝপাড়ার জাহাঙ্গীর হোসেনের মেয়ে।
 
পরিবারিক সূত্রে জানা যায়, এদিন সকালে শিশুটিকে বাড়ির পশ্চিম পাশে আতিয়ার মন্ডলের পুকুর সংলগ্ন স্থানে খেলা করতে যায়। খেলার এক পর্যায়ে সবার অজান্তে সে পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তার বাবা বাজার থেকে বাড়ি ফিরে এসে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ওই পুকুরে হাফসার মরদেহ ভেসে উঠে।
 
পরে স্বজনরা দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
 
স্থানীয়রা জানিয়েছেন, কাদা মাটি দিয়ে খেলা করার সময় শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। এই সময় আশপাশের লোকজন না থাকায় বিষয়টি কারও নজরে আসেনি। বেশকিছুক্ষণ পরে পানির নিচে থেকে মরদেহটি ভেসে উঠে।
 
এ বিষয় জীবননগর থানার ওসি সোলাইমান সেখ জানান, ধান্যখোলা গ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যুর সংবাদ শুনে আমরা সেখানে পৌঁছে মৃতদেহের সুরাতহাল প্রতিবেদন তৈরি করেছি। এছাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।