নাটোরের লালপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই প্রতিবেশী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার বেরিলাবাড়ী গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর বয়স আড়াই বছর ও দুই বছর। অবুঝ দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার দুটিসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুরা হলো— বেরিলাবাড়ী গ্রামের সেরাজুল হকের মেয়ে মোছা. শিউলী খাতুন (আড়াই বছর) এবং একই গ্রামের আনারুল ইসলামের মেয়ে মোছা. আফিয়া খাতুন (২ বছর)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে দুই শিশু বাড়ির আঙিনায় একসাথে খেলাধুলা করছিল। কোনো একসময় স্বজনদের অলক্ষ্যে তারা পাশের একটি পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করা হয়। পরে দ্রুত রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধানে এবং পরিবারের সদস্যদের কথামতো নিশ্চিত হওয়া গেছে যে শিশু দুটি পানিতে ডুবে মারা গেছে। আইনি প্রক্রিয়া শেষ করে অপমৃত্যু মামলা দায়ের সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই লাশ অভিভাবকদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।