কোটচাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু 

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের সুয়াদি গ্রামে পুকুরের পানিতে ডুবে মো. অরিন হোসেন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত অরিন হোসেন কোটচাঁদপুর পৌর শহরের স্যানিটারি ব্যবসায়ী মো. আমজাদ হোসেন রনির একমাত্র ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ছেলে অরিনকে নিয়ে নিজ গ্রামের বাড়ি সুয়াদি গ্রামে বেড়াতে যান আমজাদ হোসেন রনি। বিকেলে বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলার সময় অসাবধানতাবশত অরিন সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

অকস্মাৎ এ মৃত্যুর ঘটনায় পুরো সুয়াদি গ্রাম ও কোটচাঁদপুরের ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীরা জানান, অরিন ছিল অত্যন্ত প্রাণবন্ত ও সবার প্রিয় একটি শিশু। তার অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় কোটচাঁদপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা আমজাদ হোসেন রনি ও পরিবারের সদস্যরা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনছারুল ইসলাম জানান, ঘটনাটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের ব্যবস্থা করা হচ্ছে।