চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী মেদিনীপুর গ্রাম থেকে অবৈধ ৪টি স্বর্ণের বার এবং ৪ টুকরো স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
রোববার (১৪ জুন) সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৫৮ ব্যাটালিয়নের মহেশপুরের অধীন মেদিনীপুর বিওপির সদস্যরা সীমান্তে টহল দেয়ার সময় মেদিনীপুর সীমান্তের ৬৪ নম্বর পিলারের আনুমানিক ৪শত গজ বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে স্বর্ণ পাচারের সময় জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের কাসেদ আলীর ছেলে সিকান্দার আলীকে (৫০) আটক করে।
এ সময় তার কাছ থেকে অবৈধ ৪টি স্বর্ণের বার এবং ৪ টুকরো স্বর্ণ উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে জীবননগর থানায় মামলার পর আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করে, উদ্ধার করা স্বর্ণ ট্রেজারিতে অফিসে জমা দেয়া হয়েছে।