চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কামারপাড়া গ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে।
সোমবার (১৫ জুন) দুপুর ১২টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ রাজ মামুদ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাগেছে, এদিন ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন অধীনস্থ বারাদী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় তারই নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সীমান্ত মেইন পিলার ৮১-এর ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারপাড়া গ্রামের একটি আমবাগানের মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ৭ দশমিক ৬৫ মিলিমিটার ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকরা সামগ্রীর আনুমানিক তালিকা মূল্য ১ লাখ ৭ হাজার ২০০ টাকা। এর মধ্যে বিদেশী পিস্তলের মূল্য ১ লাখ টাকা, এক রাউন্ড গুলির মূল্য ২০০ টাকা এবং উদ্ধারকরা গাঁজার মূল্য প্রায় ৭ হাজার টাকা।
উদ্ধারকরা অস্ত্র, ম্যাগাজিন ও গুলি দর্শনা থানায় জমা দেয়া হয়েছে। সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।