ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে: গাজীপুরের ডিসি

আপডেট : ১৫ জুন ২০২৬, ১০:২৬ এএম

“পৃথিবীর বড় বড় সৃষ্টির শুরুটা হয়েছিল ছোট পরিসরে। আজকের এই ছোট ছোট উদ্ভাবনী আইডিয়া ও স্টার্টআপগুলোই একদিন বড় রূপ নিয়ে বিশ্ব জয় করবে।” — এমন আশাবাদ ব্যক্ত করেছেন গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া।

রোববার (১৪ জুন) গাজীপুরে আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস, গাজীপুরের যৌথ পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।

অনুষ্ঠানে প্রদর্শিত বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প দর্শনার্থীদের ব্যাপকভাবে আকৃষ্ট করে। প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল এমন মোটরসাইকেল প্রযুক্তি, যেখানে চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স স্ক্যান না করলে কিংবা হেলমেট না থাকলে মোটরসাইকেল চালু হবে না। এছাড়া দৃষ্টিপ্রতিবন্ধীদের নিরাপদ চলাচলের প্রযুক্তি, সমুদ্রের দূষিত পানিকে বিশুদ্ধ পানিতে রূপান্তরের প্রকল্প এবং পরিত্যক্ত ব্যাটারি ও বর্জ্য থেকে বিদ্যুৎ ও গ্রাফাইট উৎপাদনের ধারণাভিত্তিক উদ্ভাবনও দর্শনার্থীদের মুগ্ধ করে।

মেলায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও তরুণ উদ্যোক্তারা তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রকল্প উপস্থাপন করেন। জলবায়ু পরিবর্তন, সড়ক নিরাপত্তা, পরিবেশ দূষণ এবং প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে কেন্দ্র করে তৈরি এসব প্রকল্পে বাস্তবমুখী প্রযুক্তিগত সমাধানের চিত্র উঠে আসে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি তরুণদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতার প্রশংসা করে বলেন, দেশের উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মেধা বিকাশে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান। এছাড়া জেলার পাঁচ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ (ইউএনও), জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া সম্ভাবনাময় উদ্ভাবনী প্রকল্পগুলোর পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, “জনকল্যাণমুখী ও সম্ভাবনাময় এসব উদ্ভাবনী উদ্যোগের পাশে গাজীপুর জেলা প্রশাসন সবসময় থাকবে।”

দিনব্যাপী আয়োজন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও উদ্যোক্তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সংশ্লিষ্টদের মতে, তরুণদের উদ্ভাবনী শক্তিকে যথাযথ পৃষ্ঠপোষকতা দেওয়া গেলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথ আরও সুগম হবে।

YA
আরও পড়ুন