ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্বাস হোসেন (৪২) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে।
রোববার (২১ জুন) সকালে উপজেলার বরদাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যশোর জেলার চুরামনকাটি এলাকার বাসিন্দা ট্রাকচালক আব্বাস হোসেন সকালে বরদাহ ব্রিজ সংলগ্ন সড়কের পাশে ট্রাক রেখে চা পান করছিলেন। চা পান শেষে তিনি রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ বর্তমানে মর্গে রাখা হয়েছে।
পুলিশ দুর্ঘটনায় জড়িত বাসটিকে শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।