ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণ করা জমির ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে ঝিনাইদহে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করেন স্থানীয় বিষয়খালী এলাকার ভুক্তভোগী জমির মালিকরা। ঘণ্টাব্যাপী চলা এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়ে ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য রাখেন ডাক্তার মিজানুর, জিয়া, বিল্লাল, হাবিব, মুসা এবং চানসহ এলাকার আরও অনেকে।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন যে, ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয়লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় বিষয়খালী এলাকায় তাদের যে জমি অধিগ্রহণ করা হয়েছে, তার প্রকৃত ও সঠিক মূল্য দেওয়া হচ্ছে না। বর্তমানে ওই এলাকায় প্রতি শতক জমির বাজারমূল্য চার লাখ টাকা হলেও প্রশাসনের পক্ষ থেকে মাত্র তিন লাখ টাকা নির্ধারণ করে দেওয়া হচ্ছে। ফলে শতকপ্রতি এক লাখ টাকা করে লোকসানের মুখে পড়েছেন তারা।
বক্তাদের দাবি, সরকারি এই ত্রুটিপূর্ণ মূল্যায়ন প্রক্রিয়ার কারণে ওই এলাকার প্রায় দুই শতাধিক জমির মালিক তাদের ন্যায্য পাওনা থেকে চরমভাবে বঞ্চিত হচ্ছেন। ভুক্তভোগীরা অবিলম্বে এই বৈষম্য দূর করে বর্তমান বাজারদর অনুযায়ী জমির সঠিক মূল্য নির্ধারণের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।