চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

'উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ'- এ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা জেলায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে। আমাদের  প্রতিনিধিদের পাঠানো সংবাদে বিস্তারিত : 
 
চুয়াডাঙ্গা:
 
'উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ'- এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে।
 
সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় র‌্যালি, আলোচনা সভা, ক্ষুদ্র ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে একই স্হানে এসে শেষ হয় । 
 
এরপর জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা পল্লী উন্নয়নের বোর্ডের উপ- পরিচালক জাকিরুল ইসলামের সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে বাংলাদেশ পল্লী উন্নয়ন ও গ্রামীণ উন্নয়নের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন নিয়ে একটি ভিডিও প্রদর্শীত হয়।
 
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী বলেন, পল্লী উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীল গ্রাম গড়ে তোলার একটি ধারাবাহিক প্রক্রিয়া। সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মসূচির সুফল যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। পল্লী উন্নয়ন হলে দেশ উন্নয়ন হবে।
সভায় আরও বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, ব্র্যাকের সমন্বয়কারী মানিক ম্যাক্সিমিলিয়ন, পৌর বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি, উপকারভোগী খাদিজা বেগম, শিক্ষার্থী উম্মে হালিমা প্রমুখ।
চয়াডাঙ্গায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী
সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিবার- পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার সাহা, সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, টিটিসি’র অধ্যক্ষ মোছাব্বেরুজ্জামান, জেলা সমবায় কর্মকর্তা কাজী বাবুল হোসেন, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।
সভা শেষে ক্ষুদ্র ঋণ, ক্ষুদ্র উদ্যোক্তা ঋণের চেক ও গাছের চারা এবং পল্লী উন্নয়ন কিশোরী সংঘের সদস্যদের উৎসাহ বোনাসের চেক বিতরণ করা হয়।
 
সাতক্ষীরা:
 
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (৬ জুলাই ২০২৬) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এরপর সকাল সাড়ে  ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও জেলা প্রশাসন, সাতক্ষীরার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা অফিসের উপপরিচালক আফরুজ্জামান'র সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল। 
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল  ইসলাম মঈন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, মহিলা অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক নাজমুন নাহার,সাবেক ফিফা রেপারী তৈয়েব হাসান বাবু, পৌর জামায়াতে সেক্রেটারী খোরশেদ আলমসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিবৃন্দ।
 
আলোচনা সভায় বক্তারা গ্রামীণ উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, সমবায় কার্যক্রমের সম্প্রসারণ এবং টেকসই পল্লী উন্নয়নে বিআরডিবির ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সরকারের বিভিন্ন পল্লী উন্নয়ন কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।