ঝিনাইদহে ‘জলবায়ু পরিবর্তন; আজকের পদক্ষেপ’ আগামীর নিরাপত্তা' এই শ্লোগানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।
পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক নোমান হোসেন, সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই। তারা পরিবেশ সংরক্ষণে ব্যাপক বৃক্ষরোপণ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো, নদী-খাল ও জলাশয় দূষণমুক্ত রাখা এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।