পাহাড়ধসে দুই জেলায় ৭ জনের মৃত্যু

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১১:২২ এএম

টানা ভারী বর্ষণের মধ্যে বান্দরবানের লামা ও কক্সবাজারের চকরিয়ায় পৃথক পাহাড়ধসের ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে বান্দরবানে পাঁচজন এবং কক্সবাজারে দুই শিশু প্রাণ হারিয়েছে। আহত হয়েছেন এক নারী।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া (পাগলির ঝিরি) এলাকায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনা ঘটে।

বান্দরবানে নিহতরা হলেন, আজিজনগরের বাসিন্দা মো. ইউনুস (৪০), তার স্ত্রী রানু আক্তার (৩৫) ও তাদের পাঁচ বছর বয়সী ছেলে মো. সোলেমান। একই এলাকায় আরেকটি ধসে দেয়াল ও মাটির নিচে চাপা পড়ে প্রাণ হারান দম্পতি মো. জুয়েল (৩৪) ও কুলছুমা আক্তার (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে পাহাড়ধসের পর স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন ছুটে যান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করে।

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, একই এলাকায় পৃথক দুই পাহাড়ধসে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

এদিকে, বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে কক্সবাজারের চকরিয়া উপজেলার মছনিয়াকাটা এলাকায় পাহাড়ধসে চাচাতো দুই ভাইবোন নিহত হয়েছে। এ ঘটনায় এক নারী আহত হয়েছেন।

নিহতরা হলো- ওই এলাকার মো. কাজলের মেয়ে রোমা আক্তার (১৫) ও আব্দুল মজিদের ছেলে মো.তৌসিফ (১০)। আহত নারীর পরিচয় এখনো জানা যায়নি।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রশাসনের তথ্য অনুযায়ী, টানা বর্ষণে গত কয়েক দিনে কক্সবাজার জেলায় পাহাড়ধসে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অনেকেই রোহিঙ্গা। এছাড়া জেলার তিনটি উপজেলায় প্রায় ১৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

AM
আরও পড়ুন